আলো ডেস্ক
চলছে বর্ষা মৌসুম। এর মধ্যে সোমবার (১৭ জুন) সারাদেশে পালিত হবে কোরবানির ঈদ। ঈদের জামাত কিংবা পশু কুরবানির সময় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তাও রয়েছে। এদিকে ঈদের দিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও তিন বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৫ জুন) আবহাওয়া অফিসের দেয়া একটি পূর্বাভাসে বলা হয়েছে রোববার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় এই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে।
শনিবার ৭২ ঘণ্টার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আরও ৫ দিনের অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে ঈদের পরপরই সারাদেশে বৃষ্টি হবে। ভারি বৃষ্টিপাতের এই প্রবণতা অন্তত আগামী শনিবার অর্থাৎ ২২ জুন পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
