ভ্রাম্যমান প্রতিনিধি
নওগা জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার ১২ লাখ ৮৭ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। গত মঙ্গলবার ১৪ই জুলাই ২০২৬ ইং বেলা ১১টার সময় স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই দানবাক্স খোলা হয়।
স্থানীয় সূত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। আমাদের দেশের ৫ টাকার নোটে মুদ্রিত এই ঐতিহ্যবাহী মসজিদে এসে অনেকেই নিজেদের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মানত ও দান করে থাকেন।
নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর এই দানবাক্স খোলা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দানবাক্স খোলার পর শুরু হয় টাকা গণনার কাজ। এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা। দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মানত করা বিভিন্ন স্বর্ণের গহনাসহ ভারত ও মালয়েশিয়া দেশের মুদ্রাও পাওয়া গেছে।
এই মসজিদ কমিটির সভাপতি,মান্দা উপজেলা ইউএনও আখতার জাহান সার্থী জানান, দানবাক্স থেকে প্রাপ্ত এই অর্থ ও স্বর্ণালঙ্কার স্বচ্ছতার সঙ্গে হিসাব করে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। ঐতিহাসিক এই প্রতœতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।
