ইফতেখার আলম বিশাল
প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, এআই কখনো সাংবাদিকের বিকল্প নয়; বরং বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার একটি কার্যকর সহায়ক প্রযুক্তি। তবে এআই থেকে প্রাপ্ত প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই প্রকাশ করতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) তত্ত্বাবধানে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী **‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’**-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।
ফারুক ওয়াসিফ বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা প্রতিনিয়ত উন্নত করতে হবে। এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি হলেও সংবাদ প্রকাশের আগে প্রতিটি তথ্যের যথাযথ যাচাই নিশ্চিত করা অপরিহার্য। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার প্রশিক্ষণ, কল্যাণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়ন সাংবাদিকদের আরও দক্ষ ও পেশাদার করে তুলবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুকূল পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের অভিজ্ঞতা কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বলেন, এআই সাংবাদিকের বিকল্প নয়; বরং তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ ও সংবাদ প্রস্তুতিতে এটি কার্যকর সহায়ক প্রযুক্তি। তবে এআই-নির্ভর কোনো তথ্যই যাচাই ছাড়া প্রকাশ করা উচিত নয়।
তিন দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদনে এআই ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), মেটাডেটা বিশ্লেষণ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশল শেখানো হয়। প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, কপিরাইট, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
