সংগৃহীত
আলো ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোহাম্মদ আলী নামের এক কলেজছাত্র হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এ রায় ঘোষণা করেন।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মো. সুমন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মোছাম্মৎ সেলিনা বেগম এবং আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের শোভা।
রায় ঘোষণার সময় সেলিনা বেগম উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি সুমন ও শোভা পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে কলেজ গেটের সামনে দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা শামছুদ্দিন ভৈরব থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০০৮ সালের ৩০ মে তদন্ত কর্মকর্তা এসআই আ. আজিজ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে মামলার এক আসামি মারা গেলে তার নাম বাদ পড়ে এবং দীর্ঘ শুনানির পর তিনজনের বিরুদ্ধে এ রায় দেন আদালত।
