বিনোদন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার থেকে মুক্ত হওয়ার কিছুক্ষণ পরেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন নুসরাত ফারিয়া। তিনি লেখেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’
এর আগে মঙ্গলবার সকালে আদালত থেকে জামিন পান এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, রবিবার (১৯ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে জানা যায়, রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১৯ জুলাই ‘জুলাই আন্দোলন’-এর সময় রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেই সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হন এনামুল হক নামের একজন আন্দোলনকারী। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন।
ঢাকার সিএমএম আদালতে করা ওই মামলায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়। সেই সাথে অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চার শ’ জনকে আসামি করা হয়। মামলায় তারকাদের মধ্যে নুসরাত ফারিয়া ছাড়াও অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জনের নাম রয়েছে।
