স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে সমর্থকদের সেমিফাইনালের স্বপ্ন দেখিয়েছেন সাকিব আল হাসানরা। বিশ্বমঞ্চে তার ছিটেফোঁটাও পূরণ করতে সক্ষম হয়নি টাইগাররা। উল্টো বিপর্যস্ত বাংলাদেশ যেন বাকি ম্যাচ শেষ করতে পারলেই বাঁচে এমন পরিস্থিতি। এই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে সেটাও অস্বীকার করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সাত ম্যাচের ছয়টিতে হেরে সবার আগে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সাকিবদের এমন পারফরম্যান্সে ক্রিকেটারদের সামর্থ্যে ঘাটতি না দেখলেও অন্য সমস্যা আছে বলে মনে করেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে স্টার স্পোর্টসে ইরফান বলেন, ‘বাংলাদেশের ভালো ক্রিকেটার আছে। কিন্তু দল হিসেবে সেই ক্রিকেটাররা একসাথে পারফরম করতে পারছে না। এর মানে সামর্থ্যের অভাব বাংলাদেশ দলের সমস্যা নয়। এই দলের আরও অন্য সমস্যা আছে। বাংলাদেশের ক্রিকেটকে এখন মাঠ ও মাঠের বাইরে—দুই দিকের সমস্যা সমাধানেই মনোযোগী হতে হবে।’
মাঠের বাইরের এসব ঘটনা বিশ্বকাপের পারফরম্যান্সে যে প্রভাব ফেলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। ইরফান মনে করেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের ভুল ও বাজে সব সিদ্ধান্তের কারণে এদেশের ক্রিকেট ডুবছে। সেই সঙ্গে ভারতের সাবেক এই পেসার মনে করিয়ে দিয়েছেন, তামিমের সাথে করা আচরণ মোটেও উচিত হয়নি।
ইরফান বলেন, ‘আমি সব সময়ই বলি, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। বিশ্বকাপে বাংলাদেশ দলে তামিম ইকবাল নেই কেন! এই দলে অবশ্যই তামিমের থাকা উচিত ছিল।’
বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে আলোচিত সব ঘটনা রটেছে। বিশ্বকাপে সেই সব আলোচনার সাথে বাজে পারফরম্যান্স বাংলাদেশ দলকে আরো বেশি সমালোচনার মুখে ঠেলে দিয়েছে।
