আলো ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটির ১১টি ইউনিটের চেষ্টায় বেলা ১১টার পর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এদিকে, জানা গেছে, রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন বিপজ্জনক ছিল।
মার্কেটের ভেতরে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। দুই-তিন বছর আগে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। গতকাল শনিবার আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান। তিনি বলেন, ভবনের নিচতলা ও চার তলাসহ বিভিন্ন ফ্লোরে অনেক লোকজন ছিল।
এসব লোকজনকে বার বার বলার পরও বের হতে চাচ্ছিলেন না। পরে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনী এসব লোকজনকে ভবন থেকে বের করার চেষ্টা করে। এর কারণে আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছিল।
আমরা যদি সঠিক সময়ে আমাদের কাজ না করতে পারি, তাহলে আগুন নেভানো সম্ভব নয়। বিভিন্ন সংস্থার সহযোগিতায় আগুন নেভাতে পেরেছি। অগ্নিকাণ্ডটা বিপজ্জনক ছিল।
আগুনে কী পরিমাণ দোকান ক্ষয়-ক্ষতি হয়েছে, এমন প্রশ্নে কাজী নজমুজ্জামান বলেন, আমরা দুইটা দোকানের শাটার খুলে আগুন পেয়েছি। তবে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে।
আগুনের সূত্রপাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভবনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এছাড়া ভবনে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।
এই ভবনটাকে আমরা অনেক আগে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিলাম। ভবনের বৈদ্যুতিক সংযোগের তারগুলো এলোমেলো অবস্থায় ছিল।
এর কারণে আগুনটা একদিক থেকে অন্য দিকে চলে যায়। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এতে করে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে।
