গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়া ইউনিয়ন রাজাবাড়ী হাট ঢাকা-রাজশাহী মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে সাবেদুল (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার রাজাবাড়ী হাট বিজিবি ক্যাম্পের বিপরীতে মহাসড়কের পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত সাবেদুল (৩৩) গোদাগাড়ী উপজেলার বিজয়নগর কলোনি এলাকার বাসিন্দা। তিনি মো. কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী ও স্থানীয় ব্যক্তি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্তের স্বার্থে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
