আলো ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মো. ইউসুফ নামে এক খামারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইউসুফের মুরগির খামার ও মাছের প্রজেক্ট আছে। গতকাল রোববার ভুজপুরের হাসনাবাদ গ্রামে নিজের মাছের প্রজেক্টের সামনে থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ভুজপুর থানার এসআই হারাধান চন্দ্র দাশ বলেন, ইউসুফের মুরগির খামার ও মাছের প্রজেক্ট আছে। গত শনিবার রাতে প্রজেক্ট দেখতে গিয়েছিল। রাতভর ঘরে না ফেরায় সকালে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে মাছের প্রজেক্টের সামনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে, কেন হত্যা হয়েছে, সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান এসআই হারাধন চন্দ্র দাশ।
অন্যদিকে চট্টগ্রামের বোয়ালখালী পৌর এলাকায় মো. জাবেদ (২৫) নামের এক যুবক ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌর সদরের আল মদিনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। জাবেদ পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮ নম্বর ওয়ার্ডের বানু মেম্বার টেক এলাকার মো. শহিদুল হকের ছেলে।
এ সময় ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে জাবেদ জানান, ইসলামি ব্যাংকের বুথ থেকে তিন হাজার টাকা তুলে বাড়ি ফেরার সময় তিন ব্যক্তি ডাক দিয়ে জানায় তাদের সিএনজিচালিত অটোরিকশাটি চলছে না। একটু ধাক্কা দিতে হবে। তাদের সহযোগিতা করতে এগিয়ে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দেখিয়ে তাকে জিম্মি করে প্যান্টের পকেটে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার আগে জাবেদকে এলোপাতাড়ি মারধর ও বাম হাতে এবং পায়ে ছুরিকাঘাত করে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা আকতার বলেন, রাতে আহত অবস্থায় জাবেদ নামের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তার হাতে ও পায়ে কাটা জখম ছিলো। বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
