আলো ডেস্ক: দিনাজপুরে স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রোবে ১৪ ঘণ্টা লুকিয়ে রাখার পর থানায় আত্মসমর্পণ করেছেন মনোয়ার হোসেন (৩৩) নামের এক যুবক। গত শুক্রবার রাত ১০টার দিকে কোতোয়ালী থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান। এর আগে ভোরে শহরের ঘাসিপাড়া এলাকায় শ্বাসরোধ করে স্ত্রী সুমাইয়া আক্তারকে (২৭) হত্যা করে মনোয়ার হোসেন।
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এক মাস আগে মনোয়ারের সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুরের কলেজপাড়ার আবদুল খালেকের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। মনোয়ারের বাড়ি দিনাজপুর শহরের ছোট গুড়গোলায়। তিনি ঘাসিপাড়ায় ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর ধরে ভাড়া থাকেন। সুমাইয়া মনোয়ারের দ্বিতীয় স্ত্রী।
তিনি আরও জানান, গত শুক্রবার ভোরে গলাটিপে হত্যার পর স্ত্রীর লাশ ওয়ারড্রোবে লুকিয়ে রাখেন মনোয়ার। প্রায় ১৪ ঘণ্টা স্ত্রীকে লুকিয়ে রাখার পর তিনি নিজে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
