স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন।
মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পরিদর্শন কর্মসূচির শুরুতে দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের সেবা প্রাপ্তি এবং পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শনকে ঘিরে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে হাসপাতাল চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন প্রদান করা হয়। পরে তিনি উপজেলার লক্ষণখলসি ইউনিয়ন ভুমি অফিস, হাট কানপাড়া প্রাথমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা.মেহেদী হাসান, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাহাবুল হক, কার্য-সহকারী রতন কুমার ঘোষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
