আল আমিন স্বাধীন-
সারাদেশের সাংবাদিকদের নিয়ে কটুক্তি করায় নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাহিদ নজরুল চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারন সম্পাদক রিফাত হোসাইন সবুজ ও আশরাফুল নয়ন, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোফাজ্জল হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়কের অপসারণসহ হাসপাতাল চত্বর ওষুধ কোম্পানীর প্রতিনিধি ও দালালমুক্ত করার দাবি জানান। একই সাথে সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। সাতদিনের মধ্যে তত্ত্বাবধায়ক স্বেচ্ছায় কর্মস্থল ছেড়ে না গেলে আগামীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধয়াক হিসেবে গত বছরের ২৭ নভেম্বর যোগদান করেন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি যোগদানের পর থেকেই হাসপাতালটিতে অনিয়ম, অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্য বাড়তে থাকে। অনিয়ম চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করতে গিয়ে গত ৪ মাসে ৩ জনেরও বেশি সাংবাদিক হাসপাতালে গিয়ে লাঞ্ছিত হোন।
বিষয়টি নিয়ে শনিবার দুপুরে তত্ত্বাবধয়াকের কার্যালয়ে সাংগঠনিকভাবে আলোচনা করতে যান জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা। সেখানে সাংবাদিক নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে দেশের সকল সাংবাদিককে নিয়ে কটুক্তি করেন ডা. জাহিদ।
