আলো স্পোর্টস : নতুন নজির সৃষ্টি করলো অস্ট্রেলিয়া
একটা সময় ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত জানা যেত না কোন দলে কারা খেলছেন। মূলত প্রতিপক্ষের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতেই এই কৌশল অবলম্বন করতো দলগুলো। তবে সেই সময়টা এখন নেই।
বর্তমানে সাধারণত ম্যাচের (বিশেষ করে টেস্ট ম্যাচ) আগের দিনই একাদশ প্রকাশ করে থাকে বড় দলগুলো। এবার সেটিকেও ছাড়িয়ে নতুন নজির সৃষ্টি করলো অস্ট্রেলিয়া।
আগামী ৮ ডিসেম্বর থেকে গ্যাবা টেস্টের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। তার তিন দিন আগেই রোববার প্রথম টেস্টের একাদশ প্রকাশ করেছে অজিরা।
এই ম্যাচের মধ্য দিয়ে টেস্টে অভিষেক হতে যাচ্ছে উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারির। যৌন ক্যালেঙ্কারিতে পদত্যাগ করা অজি অধিনায়ক টিম পেইনের ক্রিকেট থেকে বিরতির কারণেই তিনি দলে সুযোগ পেয়েছেন।
এই ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে পেসার প্যাট কামিন্সের। আর তার ডেপুটির ভূমিকায় থাকছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
সিরিজের দ্বিতীয় টেস্ট ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে, তৃতীয় বা বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর মেলবোর্নে, চতুর্থ টেস্ট ৫ জানুয়ারি সিডনিতে এবং পঞ্চম ও শেষ টেস্ট ১৪ জানুয়ারি পার্থে শুরু হবে।
প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ
মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
