আলো ডেস্ক: ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টি বা কোনো ধরনের অনিয়ম করা হলে প্রার্থিতা বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় জেলার ছয় উপজেলার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সব পর্যায়ের প্রার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সব আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, কোনো প্রার্থী সহিংসতা সৃষ্টি বা ভোটকেন্দ্রে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তার প্রার্থিতা বাতিলসহ আইনের আওতায় আনা হবে।
পাশাপাশি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেউ অনিয়মের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনে সব ধরনের অনিয়ম ঠেকাতে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে বাস্তবায়নাধীন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহ্যান্সিং এক্সেস টু সার্ভিসের (আইডিইএ) প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম, মো. ফজলুল কাদের, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
