স্টাফ রিপোর্টার
চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্প্রসারণ, উন্নত চিকিৎসা সেবা এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী একটি তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারে চীনের শিক্ষা, ব্যবসা ও স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অভিজ্ঞ প্রতিনিধিরা। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ভিসা প্রক্রিয়া, উচ্চশিক্ষা, চিকিৎসা এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. হাসান আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. জাহাঙ্গীর এবং রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোরশেদ জামান মিয়া। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা এবং আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি এ.কে.এম. সারোয়ার জাহান প্রিন্স।
সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর কোষাধ্যক্ষ প্রফেসর ডা. সেতাউর রহমান এবং রাকসুর ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ।
বক্তারা বলেন, চীন বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। একই সঙ্গে দেশটি উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এসব সুযোগ কাজে লাগাতে সঠিক তথ্য, প্রস্তুতি এবং নির্ভরযোগ্য পরামর্শের গুরুত্ব রয়েছে।
সেমিনারে চীনে স্টুডেন্ট ভিসা ও উচ্চশিক্ষার সুযোগ, আমদানি-রপ্তানিকেন্দ্রিক ব্যবসার সম্ভাবনা, উন্নত চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া, মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান আরশি গ্লোবাল কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, বিদেশে উচ্চশিক্ষা, চিকিৎসা ও ব্যবসায় আগ্রহীদের নির্ভরযোগ্য সেবা ও পরামর্শ প্রদানই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এ সেমিনারে শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসাসেবাপ্রত্যাশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা
