স্টাফ রিপোর্টার
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় (হেড অফিস) রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্ভাব্য আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণের নির্দেশ দিয়ে চিঠি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজশাহীর বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে ১৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা চিঠিতে জানানো হয়, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে কার্যক্রম গ্রহণের আগে এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। এ লক্ষ্যে স্থানান্তরের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট মতামত দিতে নেসকো কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী সচিব শেখ মেহজাব উল সারাবিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, প্রধান কার্যালয় স্থানান্তরের ফলে প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যয় এবং সার্বিক প্রভাব মূল্যায়নের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। চিঠিটি নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিদ্যুৎ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
মেসকোর প্রধান কার্যালয় শুরু থেকে রাজশাহীতে অবস্থিত। উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরিত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহলের মতে, কোনো সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় একটি অঞ্চলের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, বিভিন্ন সভা-সেমিনার, ক্রয় কার্যক্রম এবং সেবাসংশ্লিষ্ট নানা কর্মকা- স্থানীয় অর্থনীতিকে সচল রাখে। তাই নেসকোর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজশাহীর স্বার্থ, আঞ্চলিক ভারসাম্য এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তবে বিদ্যুৎ বিভাগের চিঠিতে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। আপাতত সম্ভাব্য প্রভাব মূল্যায়নের জন্য মতামত চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতামত ও বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
