আলো বিদেশ ডেস্ক: নিষেধাজ্ঞা প্রত্যাহারই পরমাণু আলোচনার প্রধান লক্ষ্য: ইরান
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে চলমান সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে- তেহরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
তিনি স্পষ্ট করে বলেছেন, ভিয়েনা আলোচনায় কোনো পক্ষ যদি এমন কোনো অনুরোধ জানায় যা পরমাণু সমঝোতায় নেই তাহলে ইরান তা মেনে নেবে না।
গত সোমবার ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী নতুন করে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে আলোচনা শুরু করেছে। পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষে অংশ নিচ্ছে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি।
২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে তারা এখন আর কোনো পক্ষ নয়। সে কারণে আমেরিকা সরাসরি ভিয়েনা আলোচনায় অংশ নিতে পারছে না।
তবে আমেরিকা কিভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে, ভিয়েনা আলোচনার সেটি অন্যতম প্রধান এজেন্ডা। আমির আব্দুল্লাহিয়ান তার এক নিবন্ধে বলেছেন, এ পর্যন্ত ছয় দফা আলোচনা হলেও আমেরিকার বাড়তি দাবি এবং অবাস্তব অবস্থানের কারণে তা সফল হতে পারে নি।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আমেরিকার এই বেআইনি আচরণের ব্যাপারে একমত যে, সামগ্রিকভাবে এটি আন্তর্জাতিক আইনের অবমাননা।
আমেরিকার বর্তমান প্রশাসনের সমালোচনা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নীতি অনুসরণ করবেন না বলে বারবার প্রতিশ্রুতি দেয়ার পরও তিনি পরমাণু সমঝোতায় ফিরতে পারেন নি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে।
