Oplus_131072
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর চরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মিনারুল ইসলাম প্রামাণিক (৩২) নামে এক মাছ শিকারি আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খানপুর নিচপলাশি চরের পদ্মা নদীর রাজুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিনারুল ইসলাম প্রামাণিক ওই এলাকার মৃত জামাত আলী প্রামাণিকের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজুর ঘাট এলাকায় একটি স্পিডবোটে করে কয়েকজন এসে গুলি ছোড়ে। এ সময় ঘাটে বাঁধা থাকা আরেকটি স্পিডবোট নিয়ে তারা চলে যায় বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার সময় মিনারুল নদীতে মাছ ধরছিলেন। এ সময় ছোড়া গুলিতে তিনি পিঠে আঘাতপ্রাপ্ত হন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা গুলি ছুড়লে মিনারুল নামে একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
