আলো ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় আদমদীঘি রেলওয়ে স্টেশনে লালমনিহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার এসআই নরেশ দাস এ তথ্য নিশ্চিত করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এসআই বলেন, সান্তাহার জংশন থেকে ছেড়ে আসা পদ্মরাগ এক্সপ্রেস আদমদীঘি স্টেশনে বিরতি নেয়। পরে ট্রেনটি বগুড়ার দিকে ছেড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান বলে স্থানীয়দের ধারণা।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের ডান হাত, কোমর ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
