আলো ডেস্কঃ সরকার পতনের এক দফা দাবিতে ঘোষিত ধারাবাহিক কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও তা আরও দুদিন বাড়িয়ে ৫ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রয়োজনে কিছু কর্মসূচি যোগ হতে পারে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কর্মসূচির প্রথম দিন বুধবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করে দলটি। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ কর্মসূচি করছে।
পরবর্তী কর্মসূচি
আগামী ২৩ সেপ্টেম্বর বৃহত্তর বরিশাল-পটুয়াখালী রোডমার্চ। ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে দেশের সব জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ। ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার এবং আমীনবাজারে সমাবেশ। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ। ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় মহিলা সমাবেশ। ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন।
১ অক্টোবর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলায় রোডমার্চ। ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ এবং সমাবেশ। ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন এবং ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ।
