এফএনএস স্পোর্টস: করোনাভাইরাসের কারণে ভ্রমণ নিয়ে জটিলতা তৈরী হয়েছে। ইংল্যান্ডের ‘লাল তালিকা’ ভুক্ত দেশ হওয়ায় গত সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগে খেলা ৮ ফুটবলারকে পায়নি ব্রাজিল। আগামী সপ্তাহে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ফের মাঠে নামতে যাচ্ছে তারা। সেজন্য সেই আট ফুটবলারকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ তিতে। তবে পাবেন কি না সে ব্যাপারে সংশয় ছিল। অবশেষে সংশয় কাটিয়ে শর্ত সাপেক্ষে লাল তালিকা ভুক্ত দেশগুলোর খেলোয়াড়দের জাতীয় দলে খেলার অনুমতি দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যারা দুই ডোজ করোনা টিকা নিয়েছেন, তারাই কেবল নিজ দেশে ভ্রমণ করতে পারবেন। তবে ইংল্যান্ডে ফেরার সময় নির্দিষ্ট জায়গায় ১০ দিনের বাধ্যতামুলক কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এই সময়ের ভেতর একদিন অনুশীলন বা খেলার অনুমতি পাবেন তারা। ব্রাজিলের জন্য এমন আইন হলেও আর্জেন্টাইন ফুটবলারদের কোনো নিয়মের বাধা নেই। কেননা লাল তালিকা থেকে সরিয়ে নেয়া হয়েছে দেশটির নাম। তাই করোনা নেগেটিভ হলেই জাতীয় দল থেকে সরাসরি ক্লাবে যোগ দিতে পারবেন এমিলিয়ানো মার্তিনেজরা। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৮ অক্টোবর ভেনেজুয়েলা, ১১ অক্টোবর কলোম্বিয়া ও ১৫ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিনগুলোতে প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
