ইফতেখার আলম বিশাল
প্রতিটি সন্তানই আমাদের, তাদের ভবিষ্যৎ সুরক্ষায় আসুন মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় ১৯ নম্বর ওয়ার্ডের হাজরাপুকুর ডাবতলা এলাকায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শাহমখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান শরিফ। সঞ্চালনা করেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রবি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিদ ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আকতার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রজব আলী, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী মানিক, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ইউসুফ আলী সনি, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এরশাদ আলী, ছাত্রদল নেতা ওয়াসিম, রাজশাহী মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক লাভলী খাতুন, থানা মহিলা দলের সভানেত্রী আফরোজা আক্তার হাসি, ১৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শিউলি আক্তার, চন্দ্রিমা থানা যুবদল নেতা আব্দুস সাত্তার রানাসহ ওয়ার্ডের সর্বস্তরের মানুষ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি মহল্লায় জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে। কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে রাজনৈতিক পরিচয় বা প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি এডিসি নাসিদ ফরহাদ বলেন, “মাদক নির্মূলে পুলিশ জনগণের সহযোগিতা চায়। আপনারা তথ্য দিন, পরিচয় গোপন রেখে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।”
বিশেষ অতিথি ওসি মনিরুল ইসলাম মনির বলেন, “যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন, তাহলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।”
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও তাদের এলাকায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা নিয়মিত জনসচেতনতামূলক সভা, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
