আলো বিদেশ ডেস্ক: মার্কিন গণতন্ত্রে দুর্বলতার কথা স্বীকার করলেন: বাইডেন
গণতন্ত্র নিয়ে ভার্চুয়াল সামিটে দেওয়া প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে দুর্বলতার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার ১১০টি দেশের প্রতিনিধিকে নিয়ে দুই দিনের আলোচনা শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এখবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, টেকসই ও উদ্বেগজনক বাধা বিপত্তির সামনে গণতন্ত্র শক্তিশালী করতে বিশ্বব্যাপী সর্বজনীন মানবাধিকার নিশ্চিত করা ও সেরাদের প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি এই শীর্ষ সম্মেলন করতে চেয়েছি এই কারণে যে আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রেও আমাদের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নবায়ন করার অব্যাহত প্রয়াস প্রয়োজন। বাইডেন বলেন, গোটা বিশ্বেই সংকটে গণতন্ত্র। বহু দেশে গণতন্ত্রের বিপরীত রাজনীতি শুরু হয়েছে।
যে সব দেশে এখনও গণতন্ত্র আছে, তাদের উচিত গণতন্ত্রকে রক্ষা করা এবং অন্যান্যের প্রভাবিত করার চেষ্টা করা। তিনি বলেন, গণতন্ত্র হঠাৎ করে আসেনি। দীর্ঘদিনের লড়াইয়ের ফসল গণতন্ত্র।
আগামী প্রজন্মের কাছেও তা পৌঁছে দিতে হবে। এই সম্মেলনে রাষ্ট্রীয় প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের লোকজন অংশ নিচ্ছেন।
গণতান্ত্রিক নবায়নের জন্যে ইতিবাচক কর্মসূচি হাতে নেওয়া এবং যে সব স্থানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে সেগুলো মোকাবিলার জন্যে সম্মিলিত পদক্ষেপ নেওয়া এই সম্মেলনের লক্ষ্য। তবে সম্মেলনে চীন ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রিত দেশের তালিকা নিয়েও বিতর্ক হচ্ছে।
