স্টাফ রিপোর্টার
টানা মুষলধারে বৃষ্টিতে রাজশাহীর গ্রামাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, অটোরিকশা চালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ নিম্নআয়ের মানুষ চরম সংকটে পড়েছেন। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে অনেকেই কাজে যেতে না পারায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন।
গ্রামের হাট-বাজারে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় অটোরিকশা ও ভ্যানচালকদের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। দিনমজুররা কাজ না পেয়ে বেকার সময় পার করছেন। অন্যদিকে, কৃষকদের অনেক জমিতে পানি জমে থাকায় রোপণকৃত ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির কারণে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া নিম্নআয়ের অনেক পরিবারের দাবি, কয়েকদিন কাজ না থাকায় সংসারে খাদ্যসংকট দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্যও কমে গেছে। স্থানীয়দের ভাষ্য, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দরিদ্র জনগোষ্ঠীর মানবিক সংকট আরও গভীর হতে পারে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা, জরুরি ত্রাণ বিতরণ এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
