স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী নওপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশ যেন কেবল একটি আনুষ্ঠানিক সভায় সীমাবদ্ধ ছিল না; বরং বিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ের এক প্রাণবন্ত অঙ্গীকারে পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মেহেদী হাসান মিলন। সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লায়লা আখতার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন শেখ এবং রাজশাহী সিটি কলেজের সহকারী প্রভাষক মোঃ আয়নাল হক। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা মোসাঃ রেহানা পারভীন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সহকারী সিনিয়র সভাপতি মোঃ ইয়াসিন ম-ল, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
সভায় সবচেয়ে বেশি আলোচনায় আসে নবনিযুক্ত সভাপতি মেহেদী হাসান মিলনের ভবিষ্যৎ পরিকল্পনা। এলাকার উন্নয়ন, সামাজিক উদ্যোগ ও তরুণদের ইতিবাচক কর্মকা-ে সম্পৃক্ত করার জন্য পূর্ব থেকেই পরিচিত এই তরুণ সংগঠক এবার বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করে শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তনের ঘোষণা দেন। তাঁর বক্তব্যে উঠে আসে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শৃঙ্খলাপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা।
সভাপতির বক্তব্যে মেহেদী হাসান মিলন বলেন, আমি যতদিন এই বিদ্যালয়ের সভাপতি থাকব, ততদিন একটি শিক্ষার্থীও মাদকের সঙ্গে জড়িয়ে পড়তে পারবে না। স্কুল ফাঁকি দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। এজন্য ডিজিটাল আইডি কার্ড, ডিজিটাল উপস্থিতি নিশ্চিতকরণ, সিসিটিভি মনিটরিং, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা প্রাচীর নির্মাণ এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সন্তানকে মানুষ করতে হলে শুধু বিদ্যালয়ের ওপর দায়িত্ব চাপিয়ে দিলেই হবে না। অভিভাবকদেরও জানতে হবে তাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, নিয়মিত বিদ্যালয়ে আসছে কি না। এখন থেকে পড়াশোনাই হবে শিক্ষার্থীদের
প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আখতার জাহান তাঁর বক্তব্যে বলেন, অভিভাবকরা যদি একটু সচেতন হন, তাহলে এই বিদ্যালয় থেকেই ভবিষ্যতের আলোকিত প্রজন্ম গড়ে উঠবে। নওপাড়া উচ্চ বিদ্যালয় আবারও জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। সভাপতি মেহেদী হাসান মিলন একজন স্মার্ট, দূরদর্শী ও ভদ্র মানুষ। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে, যা অন্যদের জন্যও উদাহর হতে পারে।
সহকারী শিক্ষিকা মোসাঃ রেহানা পারভীন বলেন, শিক্ষকদের শাসনের পরিবেশ কমে যাওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে। অথচ একসময় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই শিক্ষকদের শাসনকে আশীর্বাদ মনে করত। এই বিদ্যালয় থেকেই বহু ডাক্তার, প্রকৌশলী ও সফল মানুষ তৈরি হয়েছে। তাই অভিভাবকদের প্রতি আমার আহ্বান, অভিযোগ না করে শিক্ষকদের সহযোগিতা করুন।
