আলো ডেস্ক: রাজধানীর শাহজাহানপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত নারীর নাম মোছা. মিম আক্তার (১৮)। তিনি চার মাসের অন্তঃসত্ত¡া ছিলেন বলে জানা গেছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাহানপুরে গুলবাগের বাগিচা এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে অভিমানে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন ওই নারী। এরপর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। মিম আক্তারের মা পারভিন আক্তারের অভিযোগ, মিমের স্বামী রামিম ওই এলাকায় একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।
সেখানেই ব্যবসার নামে অন্য নারীদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। এরপরই স্বামীর সঙ্গে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন মিম। বছর দুই আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার মাছিমপুরে।
মিম ও তার স্বামী বর্তমানে শাহজাহানপুরের বাগিচা এলাকার একটি বাসায় থাকতো। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মিম ছিলেন সবার বড়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
