স্টাফ রিপোর্টার
ব্যবসায়িক লেনদেনের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আইনি প্রতিকার চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। শুক্রবার বেলা ১১টায় নগরীর সাধুর মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পশু খাদ্যের ব্যবসার সঙ্গে জড়িত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, ব্যবসায়িক সূত্রে দিনাজপুর সদর উপজেলার চকরাজার এলাকার বাসিন্দা মো. তাহের উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাহের উদ্দিন তার কাছ থেকে বিভিন্ন সময়ে বাকিতে পশু খাদ্য ক্রয় করতেন। প্রথমদিকে নিয়মিতভাবে টাকা পরিশোধ করায় অভিযুক্তের প্রতি তার আস্থা তৈরি হয়।
তিনি অভিযোগ করেন, এই আস্থার সুযোগ নিয়ে ২০২৪ সালে তাহের উদ্দিন তার কাছ থেকে মোট ৯ লাখ ৭৭ হাজার ৬০ টাকার পণ্য বাকিতে গ্রহণ করেন। পরবর্তীতে পাওনা টাকা চাইলে তিনি বারবার আজ-কাল করে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি মাত্র ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও তার কাছে ৭ লাখ ৪৭ হাজার ৬০ টাকা পাওনা থেকে যায়।
নজরুল ইসলাম আরও জানান, বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত ব্যক্তি বাকি টাকা পরিশোধ করেননি। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর (২০২৫) বেলা ১১টা ৪৫ মিনিটে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাহের উদ্দিন স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তিনি আর কোনো পণ্য নেবেন না এবং বাকি পাওনা টাকাও পরিশোধ করবেন না। এতে তিনি বুঝতে পারেন যে, তার সঙ্গে পরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে।
এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নজরুল ইসলাম গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তার ন্যায্য পাওনা আদায়ে সহায়তা করার পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো ব্যবসায়ী যেন এমন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি।
