রাজশাহীর আলোঃ-স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহীর পরিচালক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আলী রেজা আজাদ এর দূর্ণীতি অনিয়ম ও শিক্ষক-কর্মচারীদের সাথে দূর্ব্যবহারের অভিযোগে তাদের অপসারণ দাবী করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজশাহী বরেন্দ্র কলেজের সম্মেলন কক্ষে বাকশিস রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজ কুমার সরকার’র পরিচালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপাত প্রথা বাতিল করে এম.পি.ও ভুক্তির তারিখ হতে ষোল বছর পূর্ণ হলে শিক্ষক-কর্মচারীগণ উচ্চতর বেতন স্কেল পাবেন মর্মে সিদ্ধান্ত গ্রহন করেছেন।
কিন্তু রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডঃ কামাল হোসেন ও সহকারী পরিচালক ডঃ আলী রেজা আজাদ শিক্ষক-কর্মচারীদের উচ্চতর বেতন স্কেল প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। গতবারে ৮টি জেলা থেকে প্রায় ৪৫০০ জন শিক্ষক-কর্মচারী এম.পি.ও এবং উচ্চতর বেতন স্কেল এর জন্য আবেদন করে।
এর মধ্যে থেকে শুধুমাত্র ১৭০ জনের আবেদন পত্র গৃহীত হয়েছে। এছাড়া তারা আরো অভিযোগ করেন, আদর্শ কলেজ, কাটাখালী রাজশাহীতে সিনিয়রের ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে মো: সিরাজুল হক কে না দিয়ে অর্থের বিনিময়ে জুনিয়র ০৩ (তিন) জন কে সহকারী অধ্যাপক পদের পদোন্নতি দিয়েছেন।
এ বিষয়ে সিরাজুল হক লিখিত ভাবে পরিচালক বরাবর অভিযোগ করলেও তদন্ত ছাড়াই অর্থের বিনিময়ে জুনিয়র ৩ (তিন) জনকে শিক্ষক কে সহকারী অধ্যাপকে পদোন্নতি দিয়েছেন, যাহা সরকারের জনবল কাঠামোর সুস্পষ্ট পরিপন্থি। ইতোপূর্বে কেশবপুর স্কুল এন্ড কলেজ, বাঘায় একজন জুনিয়র শিক্ষক কে অর্থের বিনিময়ে সহকারী অধ্যাপকের পদে পদোন্নতি দিলেও, সিনিয়র শিক্ষকের অভিযোগের ভিত্তিতে ডঃ কামাল হোসেন কে শোকজ করেছিলেন।
সেই সাথে জুনিয়র শিক্ষককে সমস্ত টাকা ফেরৎ দিতে হয়েছে। এছাড়াও এই দুই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে মামলা হলে সাংবাদিকরা গত ৩১ অক্টোবর’২১ নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব- সহ চারটি সাংবাদিক সংগঠনের ব্যানারে তাদের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচি পালন করে।
কিন্তু এই দুই দূর্নীতিবাজ কর্মকর্তা টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে সেই মানব বন্ধনে হামলা চালায়। এহেন ঘুষখোর দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ঠকারী দুই কর্মকর্তাকে অনতিবিলম্বে অপসারন করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বিশেষ ভাবে অনুরোধ জানান। অন্যথায় শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘােষনা করে তাদের অপসারন না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রনজিৎ সাহা, বাকশিস জেলা সহ সভাপতি অধ্যক্ষ আঃ আজিজ, মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মধু, অধ্যক্ষ রুহুল আমিনসহ জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা কমিটির শতাধিক শিক্ষক।
