আলো ডেস্ক
নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতে আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে।
রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে। তাদের মধ্যে বোধোদয় এলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে নির্বাচনটা কীভাবে হবে? হওয়ার মতো কোনও পরিবেশ-পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? সংস্কারপর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতে আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা যা বলি তা একটু শুনুন। যদি না শোনেন, তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই। কারণ সঠিকভাবে যদি নির্বাচন করতে চান, তাহলে আমাদের কথা শুনতে হবে।
এসময় সেমিনারে গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
