সবার আগে বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে': বিএনপি'র নেতা মিলন
স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, ‘বাড়িতে এসে গুলি করে যাবে, এটা কোন ভাবেই মেনে নেয়া যাবে না। বাড়িতে নিরাপত্তা না পেলে মানুষ কোথায় যাবে। তাই সবার আগে আমাদের বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে খুনি-সন্ত্রাসীদের কোনো দল নেই। সে যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সবাইকে মনে রাখতে হবে, বিএনপি দলে খুনি-সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই।’
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পবা উপজেলার ভুগরইল এলাকায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাসায় উপস্থিত হয়ে এসব কথা বলেছেন তিনি।
এরপর তিনি যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর পিতা সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. আলাউদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন নওহাটা পৌর সাবেক কাউন্সিলর ও বিএনপি’র নেতা মোহম্মাদ আলী জিন্নাহ।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ রাজনীতি করে। যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর পিতা আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, এই হত্যাকারী যেই হোক এবং হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন দাতা যদি কেউ থেকে থাকে তাকেও আইনের আওতায় নিয়ে এসে শক্ত পদক্ষেপ নেয়া হবে। আইনগত ভাবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করা হবে।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন- নওহাটা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, পবা দলিল লেখক সমিতির আহ্বায়ক মনিরুজ্জামান দুলাল, বিএনপি নেতা আবু সুফিয়ান, রয়াদুদ হাসান পিন্টু, মফিজ উদ্দিন, জয়নাল আবেদীন, আজাদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
