আলো ডেস্ক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার রংধনু গ্রুপের হেড অব মিডিয়া মো. সাইফুল ইসলামসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কারাগারে যাওয়া অপর দুজন হলেন- ইউনিক রিজেন্সী হোটেল অ্যান্ড রুফ টপ স্কাই রেস্টুরেন্টের ইকবাল মাহমুদ বাপ্পী, তার সহযোগী মো. ইয়াছিন আল শুভ।
গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শাহ জালাল খান।
আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রসিকিউশন বিভাগের মো. সাব্বির এ তথ্য নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত রাজধানীর বনানী থানাধীন ইউনিক রিজেন্সী হোটেল অ্যান্ড রুফ টপ স্কাই রেস্টুরেন্টে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামসহ তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি সীসা, সীসা সেবনের ১৩টি হুক্কা, ১৬টি খালি মদের বোতল ও তিনটি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।
