স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর পৌর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কারের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। রবিবার (১৪ জুন) জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক পত্রে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন (রিমন) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়াদ আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়ার পরিপন্থী। জেলা বিএনপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন বলেন, জেলা বিএনপির নোটিশ পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত জবাব দেওয়া হবে। এঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
