গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে চোলাই মদসহ দুইজনকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার জৈটাবটতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈটাবটতলা এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন গোদাগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নববগ্রাম এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ডালিম (চৌকিদার) এবং একই এলাকার ভেদা রায় যষ্টির ছেলে শ্রী বনোমালি (৫০)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২ লিটার কেরু এবং ৫০০ মিলিলিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য একটি মোটরসাইকেলে বহন করা হচ্ছিল। বনোমালি পুলিশকে জানিয়েছেন, ব্যবহৃত মোটরসাইকেলটি মাসিদুল গণি চেয়ারম্যানের। তবে মোটরসাইকেলটির মালিকানা বা এ বিষয়ে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার পিএসআই সাদিকুল ইসলাম জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা (মামলা নং-২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক পাচার রোধে গোদাগাড়ী উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
