গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সারইল গ্রাম সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. ইকবাল হাসান (২৪)। তিনি রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকার মো. সাইদুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ টিম গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় অবস্থান নেয়। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসটির পেছনের সারির মাঝের আসনে বসা ইকবাল হাসানের কাছে থাকা একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি পরীক্ষা করা হয়। ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো এবং স্কচটেপে প্যাঁচানো অবস্থায় ১৫টি স্বচ্ছ পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ গ্রাম বাদামী বর্ণের হেরোইন পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এ১৬ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এই বিপুল পরিমাণ হেরোইন চালানের সঙ্গে জড়িত মূল হোতা ও সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক নির্মূল ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
