স্টাফ রিপোর্টার
২১ জুলাই ২০২৬ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীস্থ নানকিং দরবার হলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী জোনেরকর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থ বছরে গ্রাহকদের ৪০০কোটি টাকার ঋণ বিতরণের পরিকল্পনা করা হয়। এছাড়াও সভায় কৃষক, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধব ব্যবসায়ীদের সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ ও রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহববত আলী বিশ্বাস।
কর্মপরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন প্রসঙ্গে সভার সভাপতি ও রাকাব, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহববত আলী বিশ্বাস বলেন, আগামী অর্থ বছরে মোট শ্রেণিকৃত ঋণ ১০ ভাগে নামিয়ে আনা হবে। এক্ষেত্রে, আমদানি বিকল্প মসলা উৎপাদনে কৃষকদের মাত্র ৪% সুদে ঋণ বিতরণ, নতুন ঋণ বিতরণ করা, নতুন গ্রাহক বৃদ্ধি, ডিজিটাল সেবা সহ অন্যান্য গ্রাহক সেবা বৃদ্ধি করা, সাধারণ গ্রাহকের পাশাপাশি গ্রাজুয়েট গ্রাহক (নিয়মিত লেনদেনকারী গ্রাহক) বৃদ্ধি করা, সরকারি নির্দেশনা মোতাবেক এক্সিট পলিসির (খেলাপি ঋণগ্রহিতাদের ঋণের বিশেষ সুদ সুবিধা) আওতায় খেলাপি ঋণ কমিয়ে আনা, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এসএমই ঋণ বৃদ্ধি করা ও পরিবেশ বান্ধব ঋণ যেমন- সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস, কেঁচো কম্পোস্ট ইত্যাদি।
এছাড়াও রাকাব রাজশাহী জোনে গ্রাহকের সঙ্গে ঋণ পরিশোধের বিষয়ে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি, সার্টিফিকেট মামলা থেকে আদায়ের মাধ্যমে শ্রেণিকৃত ঋণ কমে আসে। এতে ২০২৫-২৬ অর্থ বছরে রাজশাহী জোনে ১৪ কোটি ৫৪ লক্ষ টাকা মুনাফা অর্জিত হয় এবং ২০২৬-২০২৭ অর্থ বছরে ২০কোটি টাকা মুনাফা অর্জনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
রাজশাহী জোনে মোট ২৬টি শাখা রয়েছে। এ শাখাগুলোতে গেলো বছরে ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা ছিল ৩৫৭ কোটি টাকা। তবে এ লক্ষ্যমাত্রা অর্জন করার পরও আরও তিন কোটি টাকার ঋণ বেশি দেওয়া হয়, যা রাজশাহী জোনের একটি বড় সাফল্য। এ বছর মোট ঋণ প্রদান ৪০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থ বছরে রাজশাহী জোনে আমানত ছিল ৫৮৪ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে আমানত বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে শ্রেণিকৃত ঋণ ছিল ১০৮ কোটি টাকা। এটি ২৫-২৬ অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে ১০৬ কোটি টাকায়। এছাড়াও ২০২৫-২৬ অর্থ বছরে ঋণ স্থিতি দাঁড়িয়েছ ৫৬৬ কোটি টাকা।
সভায় রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা বলেন, ব্যবস্থাপকগণকে দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে নতুন আমানত এবং ভালো ঋণ বৃদ্ধি করতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতকরনের উপর গুরুত্বারোপও করেন তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জনকারী শাখা ব্যবস্থাপককে সম্মাননা সনদ প্রদান করা হয়।
