স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো মাদক কারবারি কিংবা মাদকসেবীকে আইনের আওতায় আনা হলে তার পক্ষে কোনো রাজনীতিবিদ বা অন্য কোনো ব্যক্তি যেন সুপারিশ না করেন এ আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরিবারের সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই বন্ধ, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শ্রী পঞ্চানন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোসাঃ তারজিনা খাতুন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, একাডেমিক সুপারভাইজার মোঃ মহিদুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এম এ মতিন, গ্রাম আদালত ও উপজেলা সমন্বয় কর্মী মোসাঃ লায়লা খাতুন এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ আল আমিন।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রেজাউল করিম, জার্জিস হোসেন সোহেল ও গোলাম মর্তুজা, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান ১নং নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদ আলী সরদার, ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান,৬নং মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দুর্গাপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
