গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবীণদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ছিল- “ঞযব অমব ড়ভ খড়হমবারঃু: জবঃযরহশরহম ঝুংঃবসং ভড়ৎ খড়হমবৎ খরাবং”, যার ভাবার্থ “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন বয়সী প্রবীণ নারী-পুরুষসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় প্রবীণদের প্রতি সম্মান, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরির বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান। অনুষ্ঠানে প্রবীণদের বিভিন্ন সমস্যা, তাদের সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সহায়তা এবং সমাজে তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে সমাজে প্রবীণ মানুষের সংখ্যাও বাড়ছে। ফলে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সহযোগিতা ও নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। প্রবীণরা পরিবার ও সমাজের অভিজ্ঞতার অন্যতম প্রধান উৎস। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
তারা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের শারীরিক সক্ষমতা কমে এলেও তার অভিজ্ঞতা, মূল্যবোধ ও সামাজিক অবদান কমে যায় না। তাই প্রবীণদের অবহেলা না করে তাদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল নিশ্চিত করা এবং তাদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গোদাগাড়ী, রাজশাহী এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে কারিতাস, রাজশাহী অঞ্চল। অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
