আলো ডেস্ক: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরো ১জনসহ ৫জন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী শরীয়তউল্লাহ সেতু সংলগ্ন বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাইভেটকারের এক যাত্রী এবং উদ্ধার কাজে অংশ নেয়া স্থানীয় ৪জন রয়েছে।
এরা হলেন-বাচামারা ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা সিকদার (৫৮), মোয়াজ্জেম হোসেন (৫৫) রোকেয়া বেগম (৪০), ভ্যানচালক লিন্টু শরীফ (২৫)। নিহত প্রাইভেটকারের যাত্রী মো. খলিল মাতুব্বর (৫৮)। তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার বাসিন্দা।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী শরীয়তউল্লাহ সেতু সংলগ্ন বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি (ঢাকা মেট্রো গ ১৩-১৪৫৫) প্রাইভেটকারকে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী মো. খলিল মাতুব্বর (৫৮) নামের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে গেলে গোপালগঞ্জ থেকে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস স্থানীদের চাপা দেয়। এতে মারা যায় স্থানীয় ৩ জন। এ সময় আহত হয় বাসের ৫ যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহত ৫জনের মধ্যে প্রাইভেটকারের চালক আশিকুর রহমানের মা শিরিয়া বেগম ও স্থানীয় মোয়াজ্জেম হোসেন (৫৫)কে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জেম হোসেন মারা যান।
প্রাইভেট চালক আহত আশিকুর বলেন, ‘আমি মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিলাম পেছন থেকে একটি গাড়ি আমাকে মেড়ে দেয়। পরে আরো একটি গাড়ি আমাদের গাড়ী ও স্থানীয় লোকজনের উপর উঠিয়ে দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।’
শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারের সাথে গ্রামীণ পরিবহনের বাসের দূর্ঘটনাটি প্রথম ঘটে। স্থানীয়রা উদ্ধার করতে এলে তাদের অন্য একটি বাস চাপা দেয়। গ্রামীন পরিবহনের বাসটি আটক করা হলেও অপর যাত্রীবাহী বাসটি তাৎক্ষনাৎ আটক করা সম্ভব হয়নি।
শিবচরের পাঁচ্চর হাইওয়ে পুলিশের ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতেও তৎপর ছিল হাইওয়ে পুলিশ।
