আলো সা রা দে শ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে মায়ের ওপর অভিমান করে মো. ইয়াসিন হোসেন ইমন (২৫) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন মোছা. আফসানা বেগম জানান, তার ভাই ইয়াসিন হোসেন ইমন মোহাম্মদপুরের একটি কলেজের শিক্ষার্থী। গত রোববার সন্ধ্যার দিকে মায়ের কাছে তিনি কিছু টাকা চাযন। তার মা টাকা না দেওয়ায় অভিমান করে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন। পরে বাড়ির লোকজন দরজায় গিয়ে তাকে ডাকাডাকি করে। তবে সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আফসানা জানান, তারা কামরাঙ্গীরচরের মোহাম্মদবাগ এলাকার ৩০৩ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। চার ভাই-বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
