আলো রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন নৌকায় ভোট দিতে চান না। বিএনপি অস্তিত্ব সংকটে। ফলে আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদাসম্পন্ন নেতাকর্মীরা এখন দলে দলে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। অনেকেই যোগাযোগ রাখছেন, তারাও জাতীয় পার্টিতে যোগ দেবেন।
গতকাল বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের তিন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। সরকারি দলের নেতারা বলে বেড়ান নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে।
কিন্তু সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট কেমন হয়েছে, তা বলতে চান না। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জাপা জোটে অংশ নিয়ে করতে পারে- এমন আভাস দিয়ে তিনি বলেন, নির্বাচনে কার সঙ্গে জোট হবে, তা নির্বাচনের সময় দেখা যাবে। পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না।
১৯৯১ সালের পর থেকে দল দুটি বারবার রাষ্ট্রক্ষমতায় এসে সুবিধামতো সংবিধান কাটাকাটি করে গণতন্ত্র ধ্বংস করেছে। এখন কেউ গণতন্ত্রের কথা বললে মানুষ প্রতারণা মনে করে। জিএম কাদের আরও বলেন, ১৯৯১ সালে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা ছাড়ার পর বিএনপি এসে দেশের আরও ক্ষতি করেছে।
বিএনপির পর আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে রাজনৈতিক অবস্থা আরও খারাপ করেছে। এভাবেই আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। দল দুটি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন কর্তৃত্ববাদী শাসনে মানুষ অতিষ্ঠ। কিছু মানুষ ধনী থেকে আরও ধনী হচ্ছে। দেশের বেশির ভাগ মানুষই প্রতিদিন আরও গরিব হচ্ছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির কো-চেয়ারম্যান এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বক্তৃতা করেন।
