আলো ডেস্ক:কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। হত্যাকান্ডের পর সরকারের পক্ষ থেকে এটিই উচ্চপর্যায়ের প্রথম রোহিঙ্গা ক্যাম্প সফর। গতকাল শনিবার দুপুরে তারা উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টের ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস কার্যালয় পরিদর্শন করেন। তারা নিহতের ভাই ও মামলার বাদী হাবিবুল্লাহসহ সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে প্রতিনিধি দল ক্যাম্প প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাপরিচালক ফায়াজ মুর্শিদ কাজি, পররাষ্ট্র সচিবের দপ্তরের মহাপরিচালক মো. আলীমুজ্জামান ও সহকারী সচিব শোয়াইব-উল ইসলাম তরফদার, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ, ১৪-এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক প্রমুখ। বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। রোহিঙ্গা নেতা হত্যাকান্ডে কোনো মহলের প্ররোচনা রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে।
