আলো ডেস্ক: কক্সবাজারের টেকনাফে এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস মাদকসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার আজিজুর রহমান উরফে আজিরানের ছেলে। গতকাল রোববার সকালে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, গতকাল রোববার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নকিবুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ায় মো. ইদ্রিসের অস্থায়ী বাড়িতে অভিযান চালান। এ সময় তার শোবার ঘরের বালিশের নিচ থেকে ক্রিস্টাল মেথ বা আইসের একটি প্যাকেট উদ্ধার হয়। পরে তাকে আটক করা হয়। উদ্ধার প্যাকেটের ভেতরে এক কেজি ৪০ গ্রাম ওজনের আইস পাওয়া যায়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি। তিনি আরও বলেন, উদ্ধার আইসসহ আটক ইদ্রিসের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
