আলো ডেস্ক: দেশে গণতন্ত্র না থাকায় এত জুলুমের পরও মানুষ রাজপথে নামতে পারে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, গণতন্ত্র না থাকায় মানুষ স্বৈরশাসকের যাঁতাকলে নিষ্পেষিত। মানুষ প্রতিবাদ জানাতে ভয় পায়। তাই এত জুলুমের পরেও মানুষ রাজপথে নেমে আসতে পারেনি।
একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক দিক হচ্ছে যখন মানুষের ওপর অগণতান্ত্রিক এবং গণবিরোধী সিদ্ধান্ত আসবে আর তারা তা নীরবে সহ্য করবে। ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ঈদের রেশ এখনো কাটেনি, ঠিক এই সময়ে বিনা মেঘে বজ্রপাতের মতো নিত্যপণ্য সয়াবিন তেলের দাম এক লাফে ৪০ টাকা বাড়ানো হয়েছে। আজ বাংলাদেশে যদি গণতন্ত্র কিংবা মুক্তভাবে কথা বলার অধিকার থাকতো তাহলে কোটি মানুষ রাজপথে নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতো। খেটে খাওয়া মানুষের ব্যাপারে রাষ্ট্র সম্পূর্ণভাবে উদাসীন উল্লেখ করে তিনি বলেন, খেটে খাওয়া মানুষ, যারা রিকশা চালান তাদের প্রতিদিনের আয় সর্বোচ্চ ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা।
তাদেরকে যদি ২০০ টাকা দিয়ে সয়াবিন তেল কিনতে হয় তাহলে কীভাবে তারা চাল কিনবেন? কীভাবে তারা সবজি কিনবেন, পরিবারের অন্যান্য ব্যয় মেটাবেন! মানববন্ধনে সভাপতিত্ব করেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক। সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
