আলো ডেস্ক: জয়পুরহাটে আয়েশা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে পাঁচবিবি উপজেলার মাঝিনা এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। আয়েশা আক্তার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের মেয়ে।
তিনি জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ওসি পলাশ চন্দ্র দেব জানান, আয়েশা তার ভাইয়ের বাড়িতে থাকতেন। গত শুক্রবার রাতে ভাই-ভাবি বাড়িতে না থাকায় পাশের বাড়ির দুই কিশোরী মেয়েকে নিয়ে রুমে টিভি দেখছিলেন। টিভি দেখা শেষে দুই কিশোরীকে রেখে পাশের রুমে ঘুমাতে যান আয়েশা।
গতকাল শনিবার সকালে স্থানীয়রা আয়েশার রুমের মধ্যে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।
