আলো ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎসব হতে মেটানো হবে ১ লাখ ৫৩ হাজার ৯ লাখ টাকা। বাকি ৯৩ হাজার কোটি টাকা মেটানো হবে বৈদেশিক উৎস বা ঋণ হতে।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৯ হাজার ৯৩৭ কোটি ১৮ লাখ টাকার এডিপিও অনুমোদিত হয়েছে। যার মধ্যে জিওবি অর্থায়ন ৭ হাজার ১০৪ কোটি এবং বৈদেশিক ঋণ ২ লাখ ৫৬ হাজার কোটি। স্বায়ত্তশাসিত বা করপোরেশনের প্রকল্পসহ এডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট প্রকল্প ১ হাজার ৪৩৫টি।
এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৪৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৫টি প্রকল্প। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়।
