আলো ডেস্ক: চট্টগ্রামে জামায়াতে ইসলামীর থানা আমিরসহ ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে টেরিবাজার ‘আল বয়ান’ হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চট্টগ্রাম দক্ষিণ মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার জসিম উদ্দীন।
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন জামায়াতের বিভিন্ন পর্যায়ের পদধারী বলে জানান তিনি। তারা হলেন- কোতোয়ালি থানা জামায়াতের আমির মো. ফরিদ আলম (৪৭), কোতোয়ালি থানা দক্ষিণ শাখা জামায়াতের প্রধান সমন্বয়কারী ফরিদ উদ্দীন (৪৪), বায়তুল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), দপ্তর সম্পাদক এমদাদ উল্ল্যাহ (৩৪), বক্সিরহাট শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫), জামায়াতের অর্থ জোগানদাতা আবুল মনছুর (৫০), টেরিবাজার শাখার সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরিবাজার কাটাপাহাড় শাখা সভাপতি রাশেদুল করিম রাশেদ (৩৪), সহ-সভাপতি মো. তাজুল ইসলাম (৩৮), মোহাম্মদ ইসরাফিলসহ অন্য ৩৯ জন জামায়াতের কর্মী-সমর্থক।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, জামায়াতের নেতাকর্মীরা গত সোমবার রাতে টেরিবাজারে একটি হোটেলে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সংগঠনটির ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি।
