আলো ডেস্ক: অবৈধ ইটভাটা ইস্যুতে হাইকোর্টের তলবে হাজির হওয়া ঢাকা ও এর পার্শ্ববর্তী ৫ জেলার জেলা প্রশাসককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ বলেন, হাইকোর্টকে ডিসিরা জানান ৫ জেলার ৪১১টি অবৈধ ইটভাটার মধ্যে ৩১৪টি বন্ধ করা হয়েছে। বাকিগুলোর মামলা চলছে নিম্ন ও উচ্চ আদালতে। এ সময় রিটকারী আইনজীবী বলেন, বৃৃষ্টির কারণে মে মাস পর্যন্ত এমনিতেই ইটভাটা বন্ধ থাকে। অক্টোবর থেকে মে পর্যন্ত আবার চলে। এ নিয়ে নাটক চলছে বলেও জানান তিনি।
এদের শাস্তির আওতায় আনার কথা বলেন তিনি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য দুই সপ্তাহ পর দিন নির্ধারণ করেছেন। এর আগে ঢাকা ও এর পার্শ্ববর্তী ৫ জেলার ইটভাটা বন্ধে ব্যর্থতার বিষয়ে হাইকোর্টের তলবে ব্যাখ্যা দিতে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসক ডিসি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আদালতে উপস্থিত হন। আদালতে ডিসিরা জানান, অবৈধ ভাটার ৯৫ শতাংশ বন্ধ করতে পেরেছেন।
এরপর আদালত মৌখিকভাবে জানানো তথ্য আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলেন। এ ছাড়া অগ্রগতি প্রতিবেদন দাখিল করার পর পরিবেশ সুরক্ষায় বন্ধ করে দেওয়া ইটভাটা যেন বন্ধই থাকে বলে ঢাকাসহ ৫ জেলার ডিসিদের উদ্দেশ্যে মন্তব্য করেন হাইকোর্ট। পরে আদালত ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলা প্রশাসককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।
