আল আমিন স্বাধীন-
রাজশাহীর দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বার ক্লোন করে পৌরসভার জনৈক সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে টাকা আদায় করা সেই হ্যাকারকে গ্রেফতার করে রাজশাহী জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি লালমনিরহাটের কালিগঞ্জ থানার মহিষামুড়ি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে রাকিবুল ইসলাম (২৫)।
জানা যায় যে গত (১৭জুলাই) হ্যাকার চক্র রাজশাহীর দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে দুর্গাপুর পৌরসভার জনৈক সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে ফোন করে সরকারি কাজ দেওয়ার কথা বলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” এর মাধ্যমে ২৮ হাজার টাকা নেয়।
পরে ঘটনাটি ইউএনও দুর্গাপুর জানলে তিনি থানায় এবং উধ্বর্তন কর্মকর্তাদের জানান। রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের একটি টিম কাজ শুরু করে এবং পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং “নগদ” এর লিগ্যাল উইং এর সহযোগিতায় হ্যাকারকে সনাক্ত করা হয়।
পরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রাসুল ও এসআই সেলিমের সহযোগিতায় ইউএনও এর মোবাইল নম্বর ক্লোন করা ব্যক্তিকে আটক করে।
পরে রাকিবুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে। গ্রেফতারকৃত রাকিবুলের বিরুদ্ধে একই অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় সে হ্যাকার হিসেবে পরিচিত।
