আলো ডেস্ক: হজ শেষে গত বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি। গতকাল শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।
এ পর্যন্ত মোট ৫১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট। আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।
