আলো ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’-এ অংশগ্রহণ শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পৌঁছেছেন। সেখানে পৌঁছালে ফেডারেশন কাউন্সিল অব রাশিয়ার ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের কাউন্সিলর সার্জেই ইসুটিন তাকে স্বাগত জানান। গতকাল বুধবার সংসদ সচিবালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ফারসেনকো সার্জেই আলেক্সান্দ্রোভিচের পক্ষ থেকেও স্পিকারকে স্বাগত জানানো হয়। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং মস্কোতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হেড অব মিশন ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। স্পিকার ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবিদা আনজুম মিতা ও খোদেজা আক্তার হোসেন ফোরামে অংশ নেবেন।
